Home থ্রিলার ছায়া সন্ধান: অতীত যাতে ডুকরে কাঁদে, ভবিষ্যৎ তার সমাধি সাজায়

ছায়া সন্ধান: অতীত যাতে ডুকরে কাঁদে, ভবিষ্যৎ তার সমাধি সাজায়

ছায়া সন্ধান: অতীত যাতে ডুকরে কাঁদে, ভবিষ্যৎ তার সমাধি সাজায়

জাতিগত মুক্তি মূলত বড়ো প্রতিবাদ এবং যুদ্ধের মাধ্যমেই এসে থাকে। একটি যুদ্ধ মাত্রই তাতে নানা ধরণের ঘটনা ঘটে থাকে। নৃশংসতা, আবেগ, ভালোবাসা, প্রতারণা, একতা, সাহসিকতা, কাপুরোষিচিত আচরণ এই সবকিছুর উপস্থিতিই যুদ্ধে থাকে। তবে নৃশংসতা, ভয়াবহতার পরিমাণই সম্ভবত বেশি। এর মাঝেই কিছু ঘটনায় নৃশংসতার ব্যাপকতা এত বেশি থাকে যা মনুষ্যত্বের ভিতকেই নাড়িয়ে দেয়। একটা নির্দিষ্ট জাতিকে সেই ভয়াবহতা বুকে নিয়ে বেড়াতে হয় বছরের পর বছর। এর যথোপযুক্ত শাস্তি না হওয়া পর্যন্ত হয়তো ইতিহাসও কিছুটা অস্বস্তি অনুভব করে।

বাদল সৈয়দের লেখা, ‘ছায়া সন্ধান’ যা একটি মৌলিক থ্রিলার ঘরানার বই, সেই বইটির কথা লিখতে গিয়ে যুদ্ধ নিয়ে এত কথা বলছি কেন? চলুন, খুঁজে দেখি উত্তর পাওয়া যায় কিনা।

আচ্ছা রিপভ্যান উইংকেল এর কথা মনে আছে? ওই যে এক ঘুমে অনেকগুলো বছর কাটিয়ে দিয়েছিলো যে লোকটা। গোয়েন্দা বিভাগগুলোয় থাকে স্লিপার সেল। যেখানে এক দল গুপ্তচর একটা লম্বা সময় ধরে কোনো কাজে যুক্ত থাকে না। এরকম একজন স্লীপার এর ঘুম ভাঙে। তার ঘুম ভাঙার সাথে অনেক কিছুই সক্রিয় হয়ে যায়। শুরু হয় একটা অপারেশন যার নাম অপারেশন এডিডাস।

অপারেশন এডিডাসের মাধ্যমে একজনকে তার কৃতকর্মের শাস্তি দেওয়া হয়। পুরো গল্পটিই সেই একজন অপরাধীকে ধরবার এবং তাকে যথোচিত শাস্তি দেয়াকে কেন্দ্র করেই আবর্তিত হয়। স্বাভাবিকভাবেই যাকে ধরার জন্য এত আয়োজন সে কিন্তু খুব সাধারণ অপরাধী না। তাই তাকে ফাঁদে ফেলাটাও খুব সহজ ছিলো না। আর তাকে ফাঁদে ফেলার প্রস্তুতিটাই অত্যন্ত এডভেঞ্চারাস।

লেখক বাদল সৈয়দ স্যার অসম্ভব ভালো রকমের গল্প বলিয়ে। এবং এই গল্পে সবথেকে ভালো লেগেছে একে অপরের সাথে কানেকশান এবং তাদেরকে সংকেত বা বার্তা পাঠানোর যে ব্যাপারটা। যেহেতু বইটি থ্রিলার এবং গুপ্তচর বা স্লীপার এজেন্টের উপস্থিতি আছে এরা সবাইই কিন্তু কোনো না কোনো ফোর্সের সাথে জড়িত ছিলো। জীবনের এক সময়ের পরিচয় এবং উপকার যে ভুলতে হয় না এবং সময় এলে তা ফিরিয়ে দিতে হয় এই ব্যাপারটা আবার নতুন করে এই লেখার মাধ্যমে উপলব্ধি করলাম।

যেহেতু প্রযুক্তি খুব এগিয়ে গেছে এবং এই ব্যাপারটার সাথে যে লেখকের বেশ ভালো রকমের জানাশোনা আছে তা বেশ বুঝা যায়। আর এই কারণেই আরো টানটান একটা উত্তেজনা কাজ করে পড়ার সময়।

টানটান উত্তেজনার সাথে গভীর বেদনারও উপস্থিতি আছে। যা আমাদের ভেতরেও কোথাও একটা ক্ষত রেখে যায়। অনেক বছর আগে করা অপরাধ, যার স্মৃতি আজও মানুষের মনে একই সাথে প্রচণ্ড বেদনা আর ক্রোধের অনুভূতি নিয়ে আসে তার গভীরতার তল কী খুঁজে পাওয়া যায়? কিন্তু কী সেই অপরাধ? যুদ্ধের সাথেই বা তার সম্পর্ক কী? কেন একজন অপরাধীকে শাশ্তি দেয়ার জন্য একটি দেশের প্রধানমন্ত্রী নিজেই একটি অপারেশনে যুক্ত হয়ে যায়? অপারেশন এডিডাস কি সফল হয়েছিল? উত্তর জানতে হলে পড়ে ফেলতে হবে বইটি।

 

 

বইয়ের নাম: ছায়া সন্ধান
লেখক: বাদল সৈয়দ
ধরণ: থ্রিলার
প্রকাশন: বাতিঘর
প্রচ্ছদ: সব্যসাচী হাজরা
প্রথম প্রকাশ: ফেব্রুয়ারি ২০২০
পৃষ্ঠা সংখ্যা: ১৭৫
মুদ্রিত মূল্য: ৩০০

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here