Home উপন্যাস সাইকো

সাইকো

সাইকো
সাইকো, রাজীব হোসাইন সরকার

বর্ষার এক সন্ধ্যায় কাঁটাবনে পাখির দোকানে দরদাম করতে গিয়ে এক কন্যার দিকে তাকিয়ে চোখ আটকে যায় আফসার আলীর। কন্যার নাম মাসুদা। ছয়মাস পর বন্ধুর সহায়তায় বিয়ে সম্পন্ন হয়। তারপর কেটে গেছে অনেকগুলো বছর।

মাসুদা আজকাল রাতের বেলা কিছুই মনে করতে পারে না, কাউকে চিনে না এমনকি আফসার আলীকেও না। আজেবাজে ভাষায় গালিগালাজ করে। আফসার আলীর মন খারাপ হয়। দিনের বেলা  আফসার আলী মাথায় চপচপ করে তেল দেওয়া , গোলগাল মুখের মাসুদার দিকে তাকান, তার ভালো লাগে, অনেক বছর আগের বৃষ্টির কথা মনে হয়। আফসার আলী রাতে ঘুমান না, ঘড়ির কাঁটার শব্দ শুনেন। তার নাকে সমস্যা। অতিরিক্ত গন্ধ পান, কাঁচা মাংসের গন্ধ পান।

এই দম্পতির নিজেদের জন্য নিজেরা ছাড়া দুটি মেয়ে আছে। রুনু আর ঝুনু। রুনু থাকে আমেরিকায়। তার দেশে আসার কথা। সে আসেও। মেয়েকে রিসিভ করতে গিয়ে আফসার আলী রিসিভ করলেন মেয়ের লাশ। স্বাভাবিক মৃত্যু না, অপমৃত্যু। মেয়ের লাশের দিকে তাকিয়ে দেখলেন মেয়ের মুখে তীব্র যন্ত্রণার ছাপ। বয়োবৃদ্ধ পিতা পরম আদরের সন্তানের দিক তাকিয়ে সিদ্ধান্ত নিলেন। মেয়ের হত্যাকারীদের শাস্তি দিতে হবে। ঘটনার শুরু…………

আফসার আলী দক্ষ পরিচালকের মতো একটা সেট তৈরি করেন। সেই সেটে অগুণিত চরিত্র আমরা দেখতে পাই। এর মাঝে গুরুত্বপূর্ণ চরিত্র রঞ্জু আর ঝুমকা। ওরা ছাড়াও অনেক চরিত্রের উপস্থিতি দেখা যায়। অল্প সময়ের জন্য হলেও এদের উপস্থিতি জরুরি। গল্প আগায়, আফসার আলী কী তার পছন্দমতো সমাপ্তি টানতে পেরেছিল? রুনুর মুখের যন্ত্রণা কী মিলিয়েছিল? ঝুনু কোথায়? ওর বাবা মায়ের যে এখন ওকে খুব দরকার।

রাজীব হোসাইন সরকারের গল্প বলার ধরন বেশ ভালো। লেখা পড়ে যেতে খুব একটা কষ্ট হয় না। খুব লজিক্যাল ব্যাপার বা টুইস্ট থাকে বলে অনেক কিছু সম্পর্কে জানাও যায় । আর উপস্থাপন বেশ সাবলীল এবং আনন্দদায়ক। তবে এই উপন্যাসে শেষের দিকে একটু একটু যেন ধারণা করা যাচ্ছিলো কী হতে যাচ্ছে। তবে লেখক তার লেখনীর মাধ্যমে এই ব্যাপারটাকে একঘেয়ে করে ফেলেন নি। যে কারণে পড়ার ছন্দে কোনো ব্যাঘাত ঘটে নি।

সন্তান মাত্রই পিতামাতার বড়ো যত্নের, বড়ো আদরের। তারপরেও বাবাদের সাথে মেয়েদের সম্পর্কটা অন্যরকম সুন্দর। বাবারা তাদের মেয়েদের মাঝে তাদের আলাদা জগত তৈরি করেন। সেই জগতে মায়ের প্রবেশও নিষিদ্ধ। সেই সন্তানের অপমৃত্যু সহজ বিষয় তো না। এ বেদনা পাঠককে ছুঁয়ে যেতে বাধ্য। এই বেদনার সাথে বেলায়েতের সেই এক কৌতুক, রঞ্জু, ঝুমকা, পুলিশ, চায়ের কিংবা ফুচকার দোকানদার এদের নিয়েই এগিয়ে গেছে উপন্যাস।

কী ঘটেছিলো আসলে রুনুর সাথে? তার হত্যাকারীর সংখ্যা কত? বৃদ্ধ আফসার আলীই বা কীভাবে শাস্তি দেয়ার পরিকল্পনা এঁটেছিলেন? ঝুনু কোথায়? পুলিশ কী বুঝতে পেরেছিলো কী হয়েছে বা হচ্ছে? এসব প্রশ্নের উত্তর জানতে হলে পড়ে ফেলতে হবে বইটি।

 

বইয়ের নাম: সাইকো
লেখক: রাজীব হোসাইন সরকার
ধরণ: থ্রিলার
প্রকাশন: বাংলার প্রকাশন
প্রচ্ছদ: তাহমিনা ইয়াসমিন ইভা
প্রথম প্রকাশ: অমর একুশে বইমেলা ২০২৩
পৃষ্ঠা সংখ্যা: ১৫১
মুদ্রিত মূল্য: ৩৫৫

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here