সাহিত্যের সব থেকে নতুন শাখা হলো ছোটোগল্প। অল্প ভাষায় একটি বা দুটি বিষয়কে গভীরভাবে উপস্থাপনের সবচেয়ে ভালো মাধ্যম। অল্প সময়ে পড়ে ফেলা যায় বলে সব বই পড়ুয়াদেরই কিন্তু গল্পের বই বেশ পছন্দ। আর এই গল্পের বইয়ে যদি একইসাথে নানা লেখকের নানা ধরণের গল্প পাওয়া যায় তাহলে বই পড়ার আনন্দ বেড়ে যায় বহুগুণ। ভিন্ন ভিন্ন লেখকের ভিন্ন ভিন্ন ধারার আইডিয়া থেকে উদ্ভূত গল্প একসাথে পাওয়া যায় বলেই সংকলন আমার বেশ প্রিয়।
জান্নাতুল ফেরদৌসী মেহমুদ সম্পাদিত গল্প সংকলন ‘স্বপ্নগুলো যেমন আমার’ বইটিতে ২৯ জন লেখকের ২৯টি গল্প রয়েছে। কিছু গল্পের থিম এক হলেও ভিন্নতা রয়েছে গল্পে, উপস্থাপনে।
বিয়ে বেশ স্বাভাবিক একটি ব্যাপার। অথচ এই ব্যাপারটি মেয়েদের কাছে একভাবে এবং ছেলেদের কাছে ভিন্নভাবে ধরা দেয়। একটা মেয়েকে তার ঘর, স্বপ্ন সব ছেড়ে পাড়ি দিতে হয় স্বামীর ঘরে। স্বামী যদি প্রভু না হয়ে বন্ধুর মতো আচরণ করে তাহলে একটা মেয়ে ঘর ছাড়লেও তার স্বপ্নগুলোকে ঠিক পূরণ করে নিতে পারে। শাহীন আক্তার স্বাতীর ‘অধরা আলোয়’ গল্পটি আমাদের সেই বার্তাই দিয়ে যায়।
আচ্ছা একটা দীর্ঘ সময় প্রেমের পর বিয়েই কী সফলতা? প্রেমের আসল পরিণতি কি বিয়ে পর্যন্তই সীমাবদ্ধ? নাহ, বিয়েটা হচ্ছে একটা নতুন শুরু। তাতে ভালোবাসা বজায় রেখে এগিয়ে নিয়ে যাওয়াটাই সফলতা এবং সার্থকতা। এইজন্যে স্বামী, স্ত্রী দুইজনকেই সমানভাবে সম্পর্কের উপর কাজ করতে হয়। দুটি ভিন্ন প্রেক্ষাপটের মাধ্যমে এই বিষয়টাই ফুটিয়ে তুলেছেন ‘ধরে থেকো হাতটা’ এর লেখিকা শতাব্দী ঘোষ এবং ‘মধুরেণসমাপয়েৎ’ এর লেখিকা ফাতেমা তুজ জান্নাত মৌ।
শুধু ভালোবাসা কিংবা প্রেমই নয় জীবনের নানা সমস্যা, সামাজিক প্রেক্ষাপট, যাপিত জীবনের যত নাগরিক সুখ দুঃখ এদেরকে উপজীব্য করে গল্পের ছলে ফুটিয়ে তুলেছেন লেখকেরা। আর লেখকদের এই লেখাকে কালো অক্ষরে ছাপিয়ে এই তরুণ লেখকদের স্বপ্ন পূরণে অগ্রণী ভূমিকা রেখেছেন বইটির সম্পাদক জান্নাতুল ফেরদৌসী মেহমুদ। গল্প যাদের পছন্দ তারা বইটি পড়ে দেখতে পারেন।
বইয়ের নাম: স্বপ্নগুলো যেমন আমার
লেখক: জান্নাতুল ফেরদৌসী মেহমুদ
ধরণ: গল্প সংকলন
প্রকাশন: বাংলার প্রকাশন
প্রচ্ছদ: মিশেল মেহমুদ
প্রথম প্রকাশ: ২০২২
পৃষ্ঠা সংখ্যা: ১৬০
মুদ্রিত মূল্য: ৩২০