Home কবিতা ম্যাগনোলিয়ার ভালোবাসা

ম্যাগনোলিয়ার ভালোবাসা

ম্যাগনোলিয়ার ভালোবাসা

পৃথিবীর প্রাচীনতম ফুল ম্যাগনোলিয়া। সাদা, হলুদ, গোলাপি বা হালকা বেগুনি রঙের এই ফুলের আছে এক আলাদা মাহাত্ম্য। যুগের পর যুগ পৃথিবীতে টিকে যাওয়া এই ফুলটিকে মানব জীবনে শুদ্ধতা কিংবা মর্যাদার প্রতীক হিসেবে ধরা হয়। সেই ভিক্টোরিয়ান যুগ থেকে ভালোবাসার বার্তা বাহক হিসেবে জনপ্রিয় এই ম্যাগনোলিয়া। ভালোবাসা, নারীর সৌন্দর্য কিংবা স্নিগ্ধতা তুলে ধরার জন্য নানা দেশে প্রতীকী হিসেবে ব্যবহৃত হয়ে আসছে শ্বেত শুভ্র ম্যাগনোলিয়া।

বইয়ের মূল নাম ‘ম্যাগনোলিয়া’ দেখে কৌতূহলী মন জানতে চাইলো এই নামের তাৎপর্য কী! ইন্টারনেটে সার্চ দিয়ে জানলাম আর বুঝতে পারলাম কেন জান্নাতুল ফেরদৌসী মেহমুদ রচিত ‘ভালোবাসার কবিতাগুচ্ছ ম্যাগনোলিয়া’ বইটিতে ঠাঁই পেয়েছে কেবল ভালোবাসার কবিতা। ম্যাগনোলিয়া নামের ফুল যে পৃথিবীতে ভালোবাসা বিনিময়ের সবচেয়ে পুরোনো মাধ্যম। তাই তো কবি লিখেছেন,

“ম্যাগনোলিয়া ম্যাগনোলিয়া
কখনো খোঁপায়, কখনো মালা
কখনো উপহারের ফুলের তোড়ায়
ম্যাগনোলিয়া।”

আমাদের দেশে যেমন লাল গোলাপের মাধ্যমে ভালোবাসার কথা জানানো হয়। তেমনি চীন, কোরিয়া কিংবা ব্রিটেনে ম্যাগনোলিয়া ফুল দিয়ে জানানো হয় ভালোবাসার কথা।

ভালোবাসা শব্দটি কেবল চার অক্ষর বিশিষ্ট হলেও এর গভীরতা অনেক। ভালোবাসার আশ্চর্য ক্ষমতা এই যে সে সবথেকে তুচ্ছ বিষয়টিকেও নান্দনিক করে তোলে। ভালোবাসা আছে বলেই প্রিয় মানুষটির জন্য অপেক্ষায় ক্লান্তি আসে না, মায়ের শাসনও মিষ্টি লাগে, প্রকৃতির এত রূপ বৈচিত্র্যতা এত মোহনীয় হয়ে ধরা দেয় আমাদের কাছে।

কবি মেহমুদ তার ভালোবাসার কবিতার বইটিতে কেবল রোমান্সমূলক ভালোবাসা নিয়েই কথা বলেননি; সুদূর প্রবাসী এই কবি দেশের প্রতি, প্রকৃতির প্রতি, ঋতুদের যে শৈল্পিক পালাবদল ঘটে, অল্প সময়ের পরিচয়ে যারা জীবনে বেঁচে থাকার রসদ দিয়ে যায়, সেইসব পুরনো স্মৃতি যা আমাদের মুখে সুখের হাসি এনে দেয়, এই সবকিছুর প্রতি তার ভালোবাসা ফুটিয়ে তুলেছেন কবিতার আশ্রয়ে।

ম্যাগনোলিয়ার মতো ভালোবাসা প্রকাশের আরেক প্রাচীন আর শক্তিশালী মাধ্যম হলো কবিতা। ভালোবাসার এই প্রকাশ তাই ছুঁয়ে যাক পাঠক সমাজকে।

বইয়ের নাম: ভালোবাসার কবিতাগুচ্ছ ম্যাগনোলিয়া
লেখক: জান্নাতুল ফেরদৌসী মেহমুদ
ধরণ: কবিতা
প্রকাশন: বাংলার প্রকাশন
প্রচ্ছদ: নাজিয়া হাসান
প্রথম প্রকাশ: অক্টোবর, ২০২২
পৃষ্ঠা সংখ্যা: ৮০
মুদ্রিত মূল্য: ২২০

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here