Home শিক্ষা বিষয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের র‍্যাংকিং অ-সুখ নিয়ে অধ্যাপক শিশির ভট্টাচার্য্যের বই

ঢাকা বিশ্ববিদ্যালয়ের র‍্যাংকিং অ-সুখ নিয়ে অধ্যাপক শিশির ভট্টাচার্য্যের বই

0
ঢাকা বিশ্ববিদ্যালয়ের র‍্যাংকিং অ-সুখ নিয়ে অধ্যাপক শিশির ভট্টাচার্য্যের বই

বাংলাদেশের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় এবছর ২০২১ সালে তার শতবর্ষ উদযাপন করছে। এখানকার ভিসি, শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে একটি প্রাতিষ্ঠানিক গর্বমূলক কথা প্রায়ই বলতে শোনা যায় – ঢাকা বিশ্ববিদ্যালয়ই একমাত্র বিশ্ববিদ্যালয় যে একটি দেশকে জন্ম দিয়েছে। এটি নিশ্চয়ই একটি সুখকর কথা। এছাড়াও বাংলাদেশের যাবতীয় কল্যাণ এবং বাংলাদেশ গঠনের পেছনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবদান মোটেই কম নয়। এত সব সুখের মধ্যে বর্তমান একটি অ-সুখ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক এবং জনগনের মধ্যে প্রত্যক্ষ করা যাচ্ছে তা হলো র‍্যাংকিংয়ে না থাকা। সাম্প্রতিক বছরগুলোতে সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে এ নিয়ে অসংখ্য হা হুতাশ শোনা গেছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কি হলো যে তা বিশ্ব র‍্যাংকিংয়ে প্রথম সহস্রের মধ্যে নেই? এ নিয়ে উপাচার্যসহ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নানা সময়ে নানা কথা বলেছেন কখনো কখনো তা ফেসবুক ট্রল পর্যন্তও গড়িয়েছে। এই অসুখ নিয়েই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শিশির ভট্টাচার্য্যের স্বভাবসুলভ হাস্যরসসমৃদ্ধ সমালোচনা গ্রন্থ ঢাকা বিশ্ববিদ্যালয় অ-সুখ ও প্রতিকার কিংবা আলিফ লাইলা

অধ্যাপক ড. শিশির ভট্টাচার্য্য একজন প্রখ্যাত ভাষাবিজ্ঞানী এবং ভাষা, ব্যকরণ বিষয়ে তার কয়েকটি বই ও চল্লিশের অধিক গবেষণাপত্র আছে। স্যারের আ্যকাডেমিক লেখার বাইরে সমাজ বিষয়ক ক্রিটিক বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক দুটি ক্রিটিক আমি পড়েছি। এর আগে যাত্রাপালা চন্দ্রগুপ্ত যেখানে পাটালিপুত্রে রাজা চদ্রগুপ্তের দরবার ও তক্ষশীলা বিশ্ববিদ্যালয় রূপকে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশের ক্ষমতাবৃক্ষের চিত্র বর্ণনা করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় অ-সুখ ও প্রতিকার কিংবা আলিফ লাইলা বইয়ে আলিফ লাইলার বয়ানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের র‍্যাংকিং না করার ত্রিশাধিক কারণ ও সমাধান বিশ্লেষণ করেছেন।

আলিফ লাইলায় পারস্যের বাদশাহ শাহরিয়ার প্রথম স্ত্রী কর্তৃক কষ্ট পেয়ে নারীবিদ্বেষী হয়ে উঠেন এবং প্রতি রাতে নতুন একজন বেগম গ্রহণ করেন যাকে সকালে মৃত্যুদন্ড দেন। একসময় উজির কন্যা শেহেরজাদিকেও এই উদ্দেশ্যে বিবাহ করেন কিন্তু শেহেরজাদি খুবই বুদ্ধিমতি তিনি বাদশাহকে প্রতিরাতে নতুন নতুন গল্প বলতে থাকেন এবং রাজা গল্প শেষ হলে মৃত্যুদণ্ড দিবেন এমন যোগ বিয়োগ এক‌ হাজার এক রাত্রি চলতে থাকে। শিশির ভট্টাচার্য্যের এই বইয়ে শেহেরজাদি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং তার স্বামী বাদশাহ শাহরিয়ার ও বোন দিনারজাদিকে পরপর বারো রাত ঢাকা বিশ্ববিদ্যালয় কেনো র‍্যাংকিংয়ে নাম উঠাতে পারেনা এবং কি করলে‌ পারবে তা বলতে থাকেন। শিশির ভট্টাচার্য্য স্যারের সাত কলেজ ভাই ও তাদের বোন পারুল চম্পা প্রবন্ধটি সাত কলেজ অধিভূক্তি বাতিল আন্দোলনের সময়ে লেখা এবং একটি অনলাইন পত্রিকায় প্রকাশিত হয়েছিলো। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক ফেসবুক গ্রুপ ও শিক্ষার্থীদের মধ্যে এটা নিয়ে খুবই ক্ষোভ তৈরি হয়েছিলো এবং আন্দোলনে ঘি ঢালার মতো ব্যাপার হয়েছিলো তাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থীই এখনো শিশির ভট্টাচার্য্যকে একজন বিরোধীপক্ষ মনে করেন। বাদশাহ শাহরিয়ার ও দিনারজাদির সাথে শেহেরজাদির বয়ানে র‍্যাংকিং বিষয়ে পরপর বারো  রাতে বারোটি গল্প হিসেবে বারোটি প্রবন্ধ সংকলন অধ্যাপক ভট্টাচার্য্যের এই বই।

শিশির ভট্টাচার্য্যের মতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের র‍্যাংকিংয়ে না থাকার কয়েকটি কারণ:

  • বাংলাদেশের কোনো সেক্টরেই যেহেতু মানসম্পন্ন কিছু হচ্ছে না, সেখানে হঠাৎ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মান উপচে পড়ার কথা নয়। অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মান আগেও যা ছিলো এখনো তা আছে।
  • র‍্যাংকিংয়ে সেরা ১০০ তে থাকার যে শর্তগুলো আছে রয়েছে, সেগুলো পূরণ করা কোনো উন্নয়নশীল বা গরিব দেশের পক্ষে অসম্ভব না হলেও কঠিন।
  • সুযোগ সুবিধার অপ্রতুলতা যেমন শিক্ষার্থীদের থাকা খাওয়ার নিম্নমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভালো র‍্যাংক না করার অন্যতম কারণ।
  • এ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক শিক্ষার্থী অনুপাত অনেক বেশি।
  • শিক্ষক নিয়োগে গলদ।

এছাড়াও গবেষণাহীনতা, ভালো পাঠাগার না থাকা, দুর্বল ওয়েবসাইট, গবেষণায় চৌর্যবৃত্তি, নোংরা ছাত্ররাজনীতিসহ প্রায় ত্রিশের বেশি কারণ ও সমাধান এই বইয়ে আছে। আশার কথা হলো এবছর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন র‍্যাংকিং  ভালো করার উদ্যোগ গ্রহণ করেছে সম্প্রতি একটি সুন্দর ওয়েবসাইট নির্মাণ তার একটি উদাহরণ।

অধ্যাপক শিশির ভট্টাচার্য্যের বই ঢাকা বিশ্ববিদ্যালয় অ-সুখ ও প্রতিকার কিংবা আলিফ লাইলা বইটি পাঠে ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশের অন্যান্য বিশ্ববিদ্যালয় কেনো র‍্যাংকিংয়ে নাই এবং কি উদ্যোগ গ্রহণ করলে র‍্যাংকিংয়ে আসতে পারে তার সম্যক ধারণা পাওয়া সম্ভব এবং লেখায় ডার্ক হিউমার থাকার কারণে পড়াও সুখকর।

বইয়ের নাম: ঢাকা বিশ্ববিদ্যালয় অ-সুখ ও প্রতিকার কিংবা আলিফ লাইলা
লেখক: শিশির ভট্টাচার্য্য
ধরণ: সমালোচনা প্রবন্ধ সংকলন
প্রকাশন: প্রথমা প্রকাশন
প্রচ্ছদ: ঋক ভট্টাচার্য্য
প্রথম প্রকাশ: মার্চ ২০২১
পৃষ্ঠা সংখ্যা: ১০৩
মুদ্রিত মূল্য: ২৫০

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here