Home ঐতিহাসিক ব্যক্তিত্ব বঙ্গবন্ধুর রাজনৈতিক চিন্তা নিয়ে অধ্যাপক রওনক জাহানের বিশ্লেষণী পুস্তিকা

বঙ্গবন্ধুর রাজনৈতিক চিন্তা নিয়ে অধ্যাপক রওনক জাহানের বিশ্লেষণী পুস্তিকা

0
বঙ্গবন্ধুর রাজনৈতিক চিন্তা নিয়ে অধ্যাপক রওনক জাহানের বিশ্লেষণী পুস্তিকা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান: রাজনৈতিক চিন্তাধারা একটি পুস্তিকা। ২০১৭ সালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে অধ্যাপক রওনক জাহান একটি সেমিনারে এই প্রবন্ধটি উপস্থাপন করেছিলেন। এখানে লেখিকা শেখ মুজিবুর রহমানের সামগ্রিক রাজনৈতিক জীবন তথা ব্রিটিশ বিরোধী আন্দোলন, বাঙালির স্বাধীনতা আন্দোলনের ভূমিকা বিশ্লেষণ করে বঙ্গবন্ধুর মাঝে বাঙালি জাতিসত্ত্বা, জনসম্প্রীতি, অসাম্প্রদায়িকতা ও সমাজতন্ত্র এই চারটি মৌলিক রাজনৈতিক চিন্তাধারার উপস্থিতি লক্ষ্য করেছেন।

সিপিডির ফেলো ড. রওনক জাহান একজন দেশখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে দীর্ঘদিন অধ্যাপনা করছেন। ১৯৭০-৭১ সনে শিক্ষক থাকা অবস্থায় তৎকালীন রাজনীতি খুব গভীরভাবে প্রত্যক্ষ করেছেন‌। রওনক জাহান নিজেকে ইতিহাস দেখা একজন মানুষ মনে করেন। এই প্রবন্ধ রচনায় তিনি বঙ্গবন্ধুর ডায়েরী অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচা এবং বিভিন্ন সময়ে বঙ্গবন্ধুর দেয়া ভাষণসমূহকে বেশি গুরুত্ব দিয়েছেন।

অধ্যাপক রওনক জাহানের মতে বঙ্গবন্ধুর রাজনৈতিক চিন্তা

বাঙালি জাতিসত্ত্বা: স্বাধীনতা, গনতন্ত্র ও মুক্তি
অধ্যাপক রওনক জাহানের মতে বঙ্গবন্ধুর রাজনৈতিক চিন্তার প্রথম ধারাটি হলো বাঙালির স্বাধীনতা, গনতন্ত্র ও মুক্তি নিশ্চিত করা। তিনি ক্ষমতার সংগ্রাম বা যুদ্ধ এভাবে কোনোকিছু না দেখে সবসময় জনগনের মুক্তির দিকে বেশি গুরুত্ব দিতেন। বঙ্গবন্ধুর ভাষণ ও লেখায় বারবার “মানুষের অর্থনৈতিক ও সামাজিক মুক্তি” এই শব্দগুচ্ছ লেখিকার দাবীকে সুসংহত করে। বঙ্গবন্ধুর বিখ্যাত ৭ ই মার্চের ভাষণের সমাপ্তিও হয়েছে এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম বলে।

জনসম্প্রীতি বা জনগনের রাজনীতি
বঙ্গবন্ধু তার রাজনৈতিক জীবনে খুবই অল্প সময় ক্ষমতায় ছিলেন বাকি জীবন তিনি শুধু আন্দোলনের রাজনীতিই করেছেন। শেখ মুজিবের রাজনৈতিক উৎসাহের একটি মৌলিক জায়গা হচ্ছে আপামর জনগনের ভালোবাসা। বারবার তিনি বলেছেন জনগনের ভালোবাসার কথা। লেখিকার মতে বঙ্গবন্ধু সবসময়ই নিজেকে জনগনের কাতারে রেখেই জনসম্পৃক্ততা বা জনসাধারণের রাজনৈতিক ইস্যুকেন্দ্রীক রাজনীতি করেছেন। যার প্রমাণ চতুর্থ শ্রেণীর কর্মচারীদের আন্দোলন সমর্থন করে ছাত্রত্ব হারানো, দুর্ভিক্ষে লঙ্গগরখানা পরিচালনা, ভুখা মিছিল, মাঠে থেকে সাম্প্রদায়িক দাঙ্গা বিরোধী কাজে নিয়োজিত হওয়া ইত্যাদি। তার লেখাতেও গণমানুষের কথা বারবার ফুটে এসেছে। বঙ্গবন্ধু যেখানেই যেতেন সবার প্রতি খেয়াল রাখতেন। রওনক জাহান একটি উদাহরণ দিয়েছেন কারাগারের রোজনামচা থেকে বঙ্গবন্ধু জেলের স্মৃতি লিখছেন

“আমি মাঝে মাঝে বিড়ি কিনে পাগলদের দিতাম, বড় খুশি হতো বিড়ি পেলে”

আরেকটি চমৎকার বিষয় বঙ্গবন্ধুর লেখালেখিতে আমরা দেখতে পাই। সাধারণত মানুষের আত্মজীবনীগুলো আমি, আমরা বা নিজ কেন্দ্রিক কথায় লিখিত হয় কিন্তু বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী ও কারাগারের রোজনামচায় আমরা এমন অনেক রাজনৈতিক কর্মীদের নাম ও বর্ননা পাই যারা কখনো পত্রিকার খবরও হননি কিন্তু বঙ্গবন্ধু তাদের কখনও অগুরুত্বপূর্ণ মনে করেননি।

অসাম্প্রদায়িকতা: সকল নাগরিক সমান
আমরা সাধারণত দেখতে পাই যারা জাতীয়তাবাদী রাজনীতি করেন তারা বিপরীতে পক্ষের উপর সহিংসতা অবলম্বন করেন। কিন্তু বঙ্গবন্ধুর মধ্যে জাতীয়তাবাদী ও অহিংস আন্দোলনের যুগপৎ বৈশিষ্ট লক্ষণীয়। হিন্দু মুসলিম বা সংখ্যাগুরু সংখ্যালঘু সবকিছুতেই বঙ্গবন্ধু শেখ মুজিবের সমান নজর সর্বজন স্বীকৃত। এমনকি ৭ মার্চের ভাষণে বঙ্গবন্ধু অবাঙালি (যাদের বেশিরভাগই উর্দুভাষী) জনগনের জান মাল হেফাজতের ব্যাপারে নির্দেশনা দিয়েছেন।

সমাজতন্ত্র: শোষণ মুক্তি ও বৈষম্যহীনতা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কমিউনিস্ট ছিলেন না কিন্তু পুজিবাদবিরোধী ছিলেন। সমাজতন্ত্র বলতে তিনি সবসময় শোষণমুক্ত ও বৈষম্যহীন একটি ব্যবস্থাকেই বুঝিয়েছেন। বঙ্গবন্ধু আধুনিক পুঁজিবাদী গনতন্ত্রকে পুর্বের সামন্তবাদের একটি নতুন রূপায়ণ মনে করতেন।

“আজ সামন্ততন্ত্রের কবরের উপর শিল্প ও বাণিজ্য সভ্যতার সৌধ গড়ে উঠতে শুরু করেছে। তখনই ছি রকম মানসিক পরিবর্তনও শুরু হয়েছে। সামন্ততন্ত্রের চেয়েও এই শোষণ ভয়াবহ।” – কারাগারের রোজনামচা

অধ্যাপক রওনক জাহান রচিত এই পুস্তিকাটি বাজারে কিনতে পাওয়া যায় না তবে অনলাইনে অনেক ওয়েবসাইটে সহজলভ্য। বঙ্গবন্ধুর রাজনৈতিক চিন্তা নিয়ে এই রাষ্ট্রবিজ্ঞানীর বিশ্লেষণ পাঠ আপনাকে সমৃদ্ধ করবে বলেই আমার বিশ্বাস।

বইয়ের নাম: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান: রাজনৈতিক চিন্তাধারা
লেখক: অধ্যাপক ড. রওনক জাহান
ধরণ: রাজনীতি
প্রকাশন: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
প্রথম প্রকাশ: ২০১৭
পৃষ্ঠা সংখ্যা: ২০

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here