Home উপন্যাস নেক্সাস

নেক্সাস

0
নেক্সাস

‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’ বইটির কল্যাণে লেখক মোহাম্মদ নাজিম উদ্দিন আগেই বই প্রেমীদের কাছে সুপরিচিত ছিলেন। তবে সম্প্রতি মুক্তি পাওয়া একটি ওয়েব সিরিজের কল্যাণে নিয়মিত বই পড়েন না এমন মানুষও এখন মোহাম্মদ নাজিম উদ্দিন এবং তার বইয়ের বিষয়ে জানেন। রবীন্দ্রনাথ সিরিজ ছাড়াও এই লেখকের আরো বেশ কয়েকটি বই আছে যা রীতিমত প্রশংসার দাবিদার। ‘বেগ বাস্টার্ড’ সিরিজের তৃতীয় উপন্যাস ‘নেক্সাস’ তেমনই একটি বই।

গল্পের কেন্দ্রবিন্দু ঢাকার অভিজাত ইংলিশ মিডিয়াম স্কুল সেন্ট অগাস্টিন। স্কুলের এক নিরীহ ক্লার্কের খুনের ঘটনাকে কেন্দ্র করে তদন্ত শুরু হয়। তদন্তে একের পর এক পাওয়া যেতে থাকে অভাবনীয় সব তথ্য।

বইয়ের প্রধান চরিত্র জেফরি বেগ ছাড়াও ব্ল্যাক রঞ্জু, বাবলু, ম্যাকি, উমা, মিলন প্রত্যেকটি চরিত্রই খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। লেখক শুরু থেকে শেষ পর্যন্ত গল্পের সাসপেন্স ধরে রাখতে সমর্থ হয়েছেন। যারা নিয়মিত বিদেশি থ্রিলার পড়েন কিংবা হলিউডের সিনেমা সিরিজ দেখে অভ্যস্ত তাদের কাছেও বইটি সুখপাঠ্য মনে হবে। ছেলেদের বাস্কেটবল খেলার কোর্ট থেকে মন্ত্রীর বাসভবন, বুড়িগঙ্গা থেকে দিল্লির অলিগলি – গল্প এগিয়েছে তড়তড় করে, গল্পের নিজস্ব নিয়মে। শুরু থেকেই বড়সড় ষড়যন্ত্রের আভাস পাওয়া গেলেও মূল ঘটনা বুঝতে আপনাকে গল্পের শেষ পর্যন্ত যেতে হবে। জেফরি বেগের অনমনীয় দৃঢ়তা এবং সাহসের প্রশংসা না করলেই নয়। আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্র হলো সন্ত্রাসী বাবলু। একজন পেশাদার খুনির যে ক্ষিপ্রতা ও চতুরতা থাকা উচিত তার সবটাই বাবলুর মধ্যে রয়েছে।

এবার আসি গল্পের দুর্বল দিকগুলো নিয়ে। এতে কোনো সন্দেহ নেই, বইটি শুরু থেকে শেষ পর্যন্ত একটানে পড়ে ফেলার মত। তবে জায়গায় জায়গায় রোমান্টিক দৃশ্য ঢুকিয়ে দেবার কারণে কিছুটা হলেও খাপছাড়া মনে হতে পারে। থ্রিলার গল্পে সাসপেন্স, খুন-খারাবি, ধাওয়া – পাল্টাধাওয়া ছাড়া আর কিছু থাকতে পারবে না বিষয়টি এমন নয়। গল্পের প্রয়োজনে হালকা রোমান্টিক কিংবা মজাদার কোন পরিস্থিতি তৈরি হতেই পারে। তবে অপ্রাসঙ্গিক প্রেম কাহিনী না থাকাই ভালো।

এই সিরিজের প্রথম বই দুটি যদি না পড়া থাকে, তবে শুরুর দিকে চরিত্রগুলো বুঝে নিতে হয়ত কিছুটা সময় লাগতে পারে। বিশেষ করে ‘বাবলু’ চরিত্র এবং তার ইতিহাস এই বইতে তেমন কিছুই দেয়া নেই। ফলে যারা প্রথমবার ‘বেগ বাস্টার্ড’ সিরিজের বই পড়ছেন, তাদের বুঝতে কিছুটা অসুবিধা হবে।

এই দু’একটি দিক বাদ দিলে পুরো বইটি যথেষ্ট রোমাঞ্চকর। লেখকের এই গল্পটি নিয়েও ভবিষ্যতে সুন্দর কোনো সিনেমা বা নাটক তৈরি হতে পারে। মোহাম্মদ নাজিম উদ্দিনকে ধন্যবাদ নেক্সাসের মত একটি গল্প এবং বেগ বাস্টার্ডের মত মৌলিক একটি সিরিজ আমাদের উপহার দেওয়ার জন্য।

বইয়ের নাম: নেক্সাস
লেখক: মোহাম্মদ নাজিম উদ্দিন
ধরণ: অ্যাডভেঞ্চার
প্রকাশন: বাতিঘর প্রকাশনী
প্রচ্ছদ: সিরাজুল ইসলাম নিউটন
প্রথম প্রকাশ: ২০১২
পৃষ্ঠা সংখ্যা: ৪০০
মুদ্রিত মূল্য: ৪৫০

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here